মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত তাহমিদ চৌধুরী

তাহমিদ চৌধুরী দীর্ঘদিন ধরে ম্যাকম্ব কাউন্টি এবং মিশিগানের ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টজুড়ে বিভিন্ন নাগরিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছেন। তরুণদের নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং কমিউনিটি সেবায় তাদের সম্পৃক্ত করাই তার কাজের মূল লক্ষ্য।

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত সিলেটের তাহমিদ চৌধুরী
ওয়ারেন, মিশিগান, ২২ সেপ্টেম্বর ২০২৬:

যুক্তরাষ্ট্রের মিশিগানের ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা, সাংগঠনিক কার্যক্রম এবং জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির সম্মানজনক ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান তরুণ সংগঠক তাহমিদ চৌধুরী।

গত ১৭ সেপ্টেম্বর, ২০২৬ গ্র্যান্ড র‍্যাপিডসের জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারটি তাহমিদের হাতে তুলে দেন মিশিগানের লেফটেন্যান্ট গভর্নর গারলিন গিলক্রিস্ট II, যিনি এবার সেক্রেটারি অব স্টেট পদে ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী এবং ওয়াশটেনো কাউন্টি প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল পদে দলের মনোনীত প্রার্থী এলি সাভিত।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ইলিনয়ের গভর্নর জে. বি. প্রিটজকার, মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির চেয়ার কার্টিস হার্টেল, মার্কিন কংগ্রেসওম্যান হিলারি স্কলটেন এবং মিশিগান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও লেফটেন্যান্ট গভর্নর পদে মনোনীত প্রার্থী উইনি ব্রিংকস।

তাহমিদ চৌধুরী মিশিগানের ওয়ারেন শহরের বাসিন্দা এবং তাঁর বাড়ি বাংলাদেশের সিলেটে। তিনি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় কমিউনিটি এনগেজমেন্ট ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন উদ্যোগে কাজ করছেন।

মিশিগানে আসার পর থেকে তিনি ম্যাকম্ব কাউন্টি এবং ১০ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টজুড়ে কমিউনিটি আউটরিচ, তৃণমূল পর্যায়ে সংগঠন, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং তরুণদের সামাজিক ও নাগরিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

পুরস্কার গ্রহণ করে তাহমিদ বলেন, “মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি শুধু আমার একার নয়। যেসব মেন্টর, সংগঠক, স্বেচ্ছাসেবক, কমিউনিটি লিডার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী আমাকে শেখার, সেবা করার এবং এগিয়ে যাওয়ার সুযোগ দিয়েছেন—এই অর্জন তাঁদেরও।”

তিনি আরও বলেন, “আমার লক্ষ্য সবসময়ই সহজ—মানুষের পাশে থাকা, তাঁদের কথা শোনা, কঠোর পরিশ্রম করা এবং কমিউনিটির সেবা করা। সামনে আরও অনেক কাজ বাকি রয়েছে।”

অনুষ্ঠানে তাহমিদকে সমর্থন জানাতে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)-এর প্রেসিডেন্ট জাবেদ চৌধুরী এবং উপদেষ্টা সুমন কবির।

এদিকে এই গৌরবময় অর্জনে তাহমিদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইন্‌ক (বাকা)-র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম হাসনু, সভাপতি সারওয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ্ বদরুজ্জামান রুহেল, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুৎফুর বারী নিয়ন, উপদেষ্টা সুমন কবির প্রমুখ।