চালু হচ্ছে না ডিভি লটারি, আটকে গেল আদালতের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত ডিভি লটারি–২০২৭ চালুর নিম্ন আদালতের নির্দেশ স্থগিত করেছেন। নিবন্ধনের নতুন তারিখ এখনো ঘোষণা হয়নি।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে বহুল প্রত্যাশিত ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি–২০২৭-এর নিবন্ধন আপাতত শুরু হচ্ছে না। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরুর নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালত। তবে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত সেই নির্দেশের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন। ফলে ডিভি লটারি চালুর সময়সূচি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 

রেড ইগল ল-এর মামলায় আদালতের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ডিভি-২০২৭-এর নিবন্ধন শুরুর তারিখ ঘোষণা না করায় ‘রেড ইগল ল’ নামের একটি অভিবাসন আইন সংস্থা আদালতের শরণাপন্ন হয়। গত ১৪ অক্টোবর নিম্ন আদালত পররাষ্ট্র দপ্তরকে ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি ঘোষণা এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করার নির্দেশ দেন।

ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ চায়। বৃহস্পতিবার তিন বিচারকের সমন্বয়ে গঠিত নবম সার্কিট আপিল আদালত সরকারের আবেদন মঞ্জুর করেন। এর ফলে নিম্ন আদালতের নির্দেশ আপাতত কার্যকর থাকছে না।

আবেদনকারী নয়, আইন সংস্থার আইনি অধিকার নিয়ে প্রশ্ন

আপিল আদালত বলেছেন, ডিভি লটারির নিবন্ধন শুরু না করার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যাহীন নিষ্ক্রিয়তাকে তাঁরা সমর্থন করছেন না। তবে মামলাকারী আইন সংস্থাটি ডিভি কর্মসূচির আইনগত উদ্দেশ্যের আওতায় পড়ে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ডিভি কর্মসূচির উদ্দেশ্য কম অভিবাসনপ্রবণ দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়া; আইন সংস্থার ব্যবসায়িক আয় বাড়ানো নয়। এ কারণে সংস্থাটি মামলাটিতে সফল হওয়ার মতো যথেষ্ট আইনি ভিত্তি দেখাতে পারেনি বলে আদালত মনে করেন। তবে এই আদেশ মূল আপিলের চূড়ান্ত নিষ্পত্তি নয়। 

ডিভি লটারির ভবিষ্যৎ কী?

ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় আইন অনুযায়ী প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার অভিবাসন ভিসা বরাদ্দের ব্যবস্থা রয়েছে। তবে ডিভি-২০২৭-এর নিবন্ধন শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৫ সালের নভেম্বরে জানিয়েছিল, নিবন্ধন শুরুর তারিখ পরে জানানো হবে। 

এদিকে রেড ইগল ল জানিয়েছে, নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে পড়াশোনা বা কাজের ভিসায় থাকা কোনো বিদেশি নাগরিককে মামলার বাদী করার উদ্যোগ নিতে পারে বলে সংবাদমাধ্যমে জানানো হয়েছে। 

আপাতত ডিভি-২০২৭ লটারির আবেদন শুরুর কোনো নিশ্চিত তারিখ নেই। আগ্রহীদের উচিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করা। নিবন্ধন চালু হওয়ার আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদন ফি দেওয়ার বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন; সরকারি নির্দেশনা অনুযায়ী ডিভি লটারিতে প্রাথমিক নিবন্ধন বিনা মূল্যে করা যায়।