ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এ প্রথমবারের ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন রানার টিভির সিইও ও সাংবাদিক আ স ম মাসুম।
ব্রিটেনে বাংলা সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন সাংবাদিক আ স ম মাসুম। তিনি রানার টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬-এর আসরে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বার্মিংহামের নিউ বিংলে হলে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে আ স ম মাসুমের হাতে পুরস্কার তুলে দেন বার্মিংহাম মেইলের সম্পাদক গ্রায়াম ব্রাউন।
প্রথমবার চালু হলো মিডিয়া এক্সিলেন্স বিভাগ
এবারের ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভাগ যুক্ত করা হয়। এ বিভাগে প্রথমবারের সম্মাননা অর্জন করেন আ স ম মাসুম।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, নানা সমস্যা, সম্ভাবনা ও অর্জনের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরেছেন। সাংবাদিকতার পাশাপাশি মানবিক কর্মকাণ্ড, সাংবাদিক সংগঠনে নেতৃত্ব এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও তাঁর অবদান রয়েছে।
বাংলা সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি
ব্রিটেনে বাংলা সাংবাদিকতার অগ্রগতি, গণমাধ্যমের বিকাশ এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
আ স ম মাসুমের এ সম্মাননা ব্রিটেনে বাংলা ভাষার সাংবাদিকতা ও কমিউনিটিভিত্তিক গণমাধ্যমের অবদানকে আরও সামনে নিয়ে এসেছে।





