মালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি কর্মী

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। ৩৩৮টি এজেন্সি তালিকাভুক্ত এবং ১০ হাজার কর্মী বিনা খরচে পাঠানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগে তালিকাভুক্ত ৩৩৮ এজেন্সি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মী নিয়োগে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

মালয়েশিয়ায় যেতে আগ্রহীরা তালিকাভুক্ত ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্যও অনুমোদিত মেডিক্যাল সেন্টারে যাওয়ার সুযোগ থাকবে।

মেডিক্যাল পরীক্ষায় থাকবে না একচেটিয়া নিয়ন্ত্রণ

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো একটি নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। কর্মীরা যাতে সহজে ও স্বচ্ছ প্রক্রিয়ায় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন এবং কোনো প্রতিষ্ঠানের একচেটিয়া নিয়ন্ত্রণের মুখে না পড়েন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা রাখা হয়েছে।

সহযোগিতার জন্য দুই দেশের প্রতি কৃতজ্ঞতা

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে অগ্রগতি অর্জনে নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন এই সুযোগ সফল করতে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার প্রত্যাশা করছে সরকার।