প্রায় তিন বছর পর সিলেটের শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। ১০ অক্টোবর শুরু হওয়া মেলায় থাকবে প্রায় ১৫০টি স্টল।
প্রায় তিন বছর পর সিলেটে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামী ১০ অক্টোবর নগরের শাহী ঈদগাহ মাঠে শুরু হবে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা ২০২৬’। মাসব্যাপী এ আয়োজনে সিলেটের নারী উদ্যোক্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নেবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা।
তিনি বলেন, গত প্রায় তিন বছরে সিলেট অঞ্চলে কোনো বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়নি। উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ তৈরির লক্ষ্যেই এবার মেলার আয়োজন করা হচ্ছে। ১০ অক্টোবর উদ্বোধনের পর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী এ মেলা চলবে।
আয়োজকেরা জানান, মেলায় প্রায় ১৫০টি স্টল থাকবে। এসব স্টলে দেশীয় বিভিন্ন পণ্য, পোশাক, হস্তশিল্প, গৃহস্থালি সামগ্রী, ইলেকট্রনিকস, প্রসাধনী ও খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হবে। সিলেটের স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার প্রতিষ্ঠানও এতে অংশ নেবে।
বিশেষভাবে সিলেটের নারী উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে তাঁরা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরার পাশাপাশি নতুন বাজার তৈরি ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।
প্রয়োজনীয় অনুমোদন
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, মেলা আয়োজনের জন্য সিলেট জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোর প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। মেলা চলাকালে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নিরাপত্তার অনুমোদনও রয়েছে।
মেলার মাঠ ও অবকাঠামোগত প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। মাঠ সাজানো, আলোকসজ্জা, প্রবেশদ্বার, অফিসসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণের জন্যও প্রয়োজনীয় অনুমোদন রয়েছে বলে জানান আয়োজকেরা। এসব কাজে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে সার্বিক সহযোগিতা করবে সিলভেন্ট প্ল্যানার্স।
এর আগে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্যরা শাহী ঈদগাহ মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব
আয়োজকেরা বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার, স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা মেলার অন্যতম উদ্দেশ্য। মাসব্যাপী এ আয়োজনে দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিও থাকবে।
মেলায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও সিলেটের সংসদ সদস্যদের উপস্থিতির পরিকল্পনা রয়েছে বলেও জানান আয়োজকেরা। তাঁদের আশা, এ মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীরা নিজেদের পণ্যের প্রচার ও বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন এবং সিলেটের ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে এ আয়োজন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি আলেয়া ফেরদৌসী তুলি এবং পরিচালক সাঈমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, রেহানা ফারুক শিরিন, আসমাউল হাসনা খান, গাজী জিনাত আফজা, শাহানা চৌধুরী ও তাহমিনা হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।





