সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে ২৪ ঘণ্টায় নতুন করে ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৪১৮ জন; চলতি বছরে মৃত্যু ১৬০
সিলেটে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও হাম ও হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২১ জন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৮১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন রয়েছেন ৪১৮ জন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন এবং মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন এবং গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন চিকিৎসা নিচ্ছেন।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২২ জন হাম ও হাম সন্দেহে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে চলতি বছরে এখন পর্যন্ত বিভাগের চার জেলায় মোট ১ হাজার ৪৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে হাম ও হাম সন্দেহে সিলেট বিভাগে মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬১ জন, হবিগঞ্জে ২২ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে।





