সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সার্কিট হাউসে পৌঁছেছেন। আজ শাহজালাল ও শাহপরান মাজার জিয়ারত এবং বিকেলে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

সিলেট সার্কিট হাউসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বিমানবন্দর থেকে সার্কিট হাউসে যাওয়ার পথে নগরবাসীর শুভেচ্ছা; আজ দুই মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসে সার্কিট হাউসে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িবহর নিয়ে সিলেট সার্কিট হাউসে পৌঁছান তিনি।

এর আগে নির্ধারিত সময়ের কিছুটা পর সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সড়কের দুই পাশে মানুষের ভিড়

রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় সিলেট নগরের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে মানুষের উপস্থিতি দেখা যায়।

বিমানবন্দর রোড, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কিনব্রিজসংলগ্ন এলাকায় মহানগর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতিও গাড়ি থেকে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

দুই মাজার জিয়ারত

সিলেট সফরের কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

এরপর তিনি সার্কিট হাউসে ফিরে কিছু সময় অবস্থান করবেন।

বিকেলে নাগরিক সংবর্ধনা

রাষ্ট্রপতির সিলেট সফরের অন্যতম কর্মসূচি হিসেবে বিকেল ৩টার দিকে নগর ভবনের সামনে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন।

সেখানে রাষ্ট্রপতিকে নাগরিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর ঘিরে নগরজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সফরকে নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।