প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফর উপলক্ষে স্বাগত কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক সফর উপলক্ষে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়েছে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্রঙ্কসের একটি পার্টি হাউসে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন। সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, ডা. আব্দুস সবুর, প্রকৌশলী আব্দুল খালেক, ড. নুরুল আমিন পলাশ ও জাফর তালুকদার।
সভায় বক্তব্য দেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ার জাহিদ, আব্দুর রহিম, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, শরিফ শামীম শিবলী ও জিয়াউল আহমদ জামিল।
শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে দলের এই পরিচয় প্রমাণ করতে হবে।
তিনি বলেন, আগামী ২১ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হবে। নিউইয়র্কে অবস্থানকালে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। এতে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।
আনোয়ার হোসেন খোকন আরও বলেন, কোনো উসকানির মুখে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে বিদেশের মাটিতে বিএনপি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, দলের সব পর্যায়ের নেতাকর্মী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। কর্মসূচি যাতে কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সভায় নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি এবং এর আওতাধীন চারটি ব্যুরো কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
