নতুন লঘুচাপের প্রভাব, দুই দিন বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় অর্ণব দুর্বল হওয়ার পর দক্ষিণ আন্দামান সাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে দুই দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থলভাগে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় অর্ণব এখন লঘুচাপ

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়ে। পরে এটি স্থল গভীর নিম্নচাপ ও স্থল নিম্নচাপে রূপ নেয়। বর্তমানে ভারতের ছত্তিশগড় ও আশপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

এদিকে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

শুক্রবারও কয়েক বিভাগে বৃষ্টির আভাস

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার থেকে বৃষ্টির প্রবণতা কমতে পারে

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।