সিলেটে দুই ফুডকার্টকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটের আম্বরখানার আরকেডিয়া ফুড জোনে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ঢাকাইয়া ও এমব্রোসিয়া ফুডকার্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

সিলেট নগরীর আম্বরখানায় আরকেডিয়া ফুড জোনে অভিযান চালিয়ে দুটি ফুডকার্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। খাবার সংরক্ষণে অনিয়ম, অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে ‘ঢাকাইয়া’ নামের ফুডকার্টকে ২০ হাজার টাকা এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

খাবার সংরক্ষণে পাওয়া যায় অনিয়ম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, আরকেডিয়া ফুড জোনের অধিকাংশ দোকানের কার্যক্রম সন্তোষজনক ছিল। তবে নির্দিষ্ট দুটি প্রতিষ্ঠানে তদারকির সময় একাধিক অনিয়ম ধরা পড়ে।

অভিযানকালে অনুমোদনহীন সস ও মসলা ব্যবহারের বিষয়টি সামনে আসে। এসব পণ্য আড়াল করার চেষ্টাও করা হয়েছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

এ ছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সেদ্ধ ছোলা সংরক্ষণ এবং জুস তৈরির জন্য নিম্নমানের ফল কেটে রাখার প্রমাণ পাওয়া যায়। খাদ্যপণ্যের নিরাপদ সংরক্ষণ ও মান বজায় রাখার ক্ষেত্রে এসব অনিয়মকে গুরুত্বের সঙ্গে দেখছে অধিদপ্তর।

তদারকি অব্যাহত রাখার ঘোষণা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের বলেন, তুলনামূলক বেশি দাম দিয়ে ভালো মানের খাবার খাওয়ার প্রত্যাশা নিয়ে মানুষ ফুডকার্টে আসেন। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।