দুর্গাপূজার বিশেষ ছাড় শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে সিলেটসহ সারাদেশে শপিং মল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে সিলেটসহ সারাদেশে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে এসব প্রতিষ্ঠান। ফলে দোকানপাট বন্ধের সময় দুই ঘণ্টা এগিয়ে আসছে।
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর রাখার লক্ষ্যে সরকার চলতি বছর কয়েক দফায় দোকানপাট খোলা রাখার সময়সূচিতে পরিবর্তন এনেছে। সর্বশেষ গত ৫ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেয় বিদ্যুৎ বিভাগ।
নির্ধারিত সময়সীমা শেষ হওয়ায় শুক্রবার থেকে আগের নিয়ম কার্যকর হচ্ছে। বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখা যাবে।
চলতি বছর কয়েক দফায় পরিবর্তন
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ২০২৬ সালে দোকানপাট বন্ধের সময় একাধিকবার পরিবর্তন করা হয়। এপ্রিলের শুরুতে শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।
কোরবানির ঈদ সামনে রেখে ১২ মে থেকে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়। এরপর জুনে সময়সীমা রাত ৯টা নির্ধারণ করা হয়। পরে ১২ আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট বন্ধের সময় আরও এক ঘণ্টা এগিয়ে রাত ৮টা করা হয়।
দুর্গাপূজা উপলক্ষে আবারও সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছিল। সেই বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার থেকে রাত ৮টায় দোকানপাট বন্ধের নিয়ম ফিরে এসেছে।





