কানাইঘাটে সিএনজি অটোরিকশার ‘সিরিয়াল’ বিরোধে চালক খুন

সিলেটের কানাইঘাটে সিএনজি অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন (৩২) নামে এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবউদ্দিন ওই ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

সিরিয়াল নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকার একটি স্টেশনে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে দুই চালকের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে সামতলা এলাকায় শাহাবউদ্দিন পৌঁছালে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, আগে থেকে সেখানে অবস্থান নেওয়া জাকারিয়া, তাঁর ভাই ইয়াহিয়া ও শাহরিয়াসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শাহাবউদ্দিনকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

স্থানীয় লোকজন আহত শাহাবউদ্দিনকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে একজনকে কুপিয়ে আহত করার ঘটনা সম্পর্কে তাঁরা জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।