শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মৌলভীবাজারে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরে রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিআইজি। সার্বিক পরিস্থিতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন।
শান্তিপূর্ণ উৎসব উদযাপনের আহ্বান
পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তারা
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম; রাজনগর থানার ওসি এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতারা।





