মিশিগানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক মাহবুব রহমানের মর্মান্তিক মৃত্যু
জুয়েল খান, ওয়ারেন, মিশিগান: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে মর্মান্তিক মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের সন্তান মাহবুব রহমান।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক ৩:৩০ মিনিটে, ১০ মাইল ও হুভার রোডের সংযোগস্থলের কাছে। মাহবুব রহমানের চালানো সবুজ-সাদা কাওয়াসাকি মোটরবাইকের সাথে একটি গাড়ির সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ওয়ারেন ফায়ার ডিপার্টমেন্টের প্যারামেডিক দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহবুব রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। ২০১৪ সালে অভিবাসী ভিসায় তিনি যুক্তরাষ্ট্রে আসেন। তার এই অকাল মৃত্যুতে মিশিগানসহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।





