সাকিবের সঙ্গে তুলনা নয়, নিজের পরিচয় গড়ার বার্তা মিরাজের

সাকিব আল হাসানের সঙ্গে তুলনা না করে নিজের প্রতিভা ও পরিচয় গড়ে তোলার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

‘সবাই তো সাকিব আল হাসান হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে?’—এক তরুণ ক্রিকেটারের এমন প্রশ্নের জবাবে নিজের সঙ্গে অন্য কারও তুলনা না করে নিজস্ব প্রতিভা ও পরিচয় গড়ে তোলার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন মিরাজ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

একপর্যায়ে জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন মিরাজকে প্রশ্ন করেন, ‘সবাই তো সাকিব আল হাসান হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে কী করতে হবে?’

জবাবে মিরাজ বলেন, ‘কেউ কারও মতো হতে পারে না। সবারই আলাদা আইকন আছে। সাকিব ভাই তার মতো, আমি আমার মতো, আবার তুমিও তোমার মতোই।’

তুলনা না করে নিজের সামর্থ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষের নিজস্ব প্রতিভা রয়েছে। নিজের মানসিকতা ও সামর্থ্য অনুযায়ী এগোতে পারলে একজন তরুণ তার চেয়েও ভালো করতে পারে।

মিরাজের ভাষায়, ‘আমার মতো হতেই হবে এমন নয়, তুমি আমার চেয়েও ভালো হতে পারো। এটার জন্য পরিশ্রম করতে হবে। এরপর মাঠে পারফর্ম করে নিজের প্রতিভা দেখাতে হবে। কঠোর পরিশ্রমের বিকল্প নেই।’

খারাপ সময়েও বিশ্বাস রাখতে হবে

ক্যারিয়ারে খারাপ সময় এলে কীভাবে তা সামাল দিতে হবে—এমন প্রশ্নেরও উত্তর দেন মিরাজ। তার মতে, ভালো-মন্দ সময় সবার জীবনেই আসে। তবে কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা এবং নিজের ওপর বিশ্বাস রাখা জরুরি।

তিনি বলেন, ‘প্রত্যেকেরই ভালো-খারাপ সময় আসে, এটা থাকবেই। তবে ওই সময়ে মানসিকভাবে শক্ত থাকা গুরুত্বপূর্ণ। আর কতটা পরিশ্রম করছেন, নিজের প্রতি কতটা বিশ্বাস করছেন—এটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন।’

পাওয়ার প্লে ও ডেথ ওভারে মনোযোগের পরামর্শ

পাওয়ার প্লে ও ডেথ ওভারে বোলিংয়ের কৌশল নিয়েও তরুণদের ধারণা দেন মিরাজ।

পাওয়ার প্লেতে ব্যাটাররা আক্রমণাত্মক থাকে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে বোলারের জন্য যেমন ঝুঁকি থাকে, তেমনি উইকেট নেওয়ার সুযোগও থাকে। তাই উইকেট নেওয়ার চিন্তার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং ও ডট বলের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

ডেথ ওভারের ক্ষেত্রে সিদ্ধান্তে অটল থাকার ওপর জোর দিয়ে মিরাজ বলেন, ‘ডেথ ওভারে মন পরিষ্কার থাকতে হবে। নিশ্চিত থাকতে হবে কী করতে চাও। দ্বিধায় থাকলে ব্যর্থ হতে হবে।’

বিপর্যয়ে নিজের সঙ্গে কথা বলার পরামর্শ

মাঠে দল বিপর্যয়ে পড়লে মানসিকভাবে শক্ত থাকার কৌশলও তুলে ধরেন মিরাজ। এমন পরিস্থিতিতে নিজের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ তার।

তিনি বলেন, ‘দলের বিপর্যয়ে মানসিকভাবে শক্ত থাকতে অবশ্যই নিজের সঙ্গে কথা বলতে হবে। নিজেকেই বলতে হবে—হ্যাঁ, আমি পারব। নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর সেটা বাকিদের ওপর ছড়িয়ে দিতে হবে।’

তরুণ ক্রিকেটারদের উদ্দেশে মিরাজের কথায় উঠে এসেছে একটি বিষয়ই—অন্য কারও পরিচয় অনুসরণ নয়, বরং নিজের প্রতিভা, পরিশ্রম ও পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা তৈরি করাই সাফল্যের পথ।