অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে। বুধবার রাত ১২টায় চরকিতে দেখা যাবে আন্তর্জাতিকভাবে প্রশংসিত সিনেমাটি।
১৯ বছর পর অপি করিমের সিনেমা এবার ঘরে বসেই দেখা যাবে
দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী অপি করিম। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার মাধ্যমে সেই প্রত্যাবর্তন হয়েছিল। এবার প্রেক্ষাগৃহের পর ঘরে বসেই দেখা যাবে তাঁর অভিনীত সিনেমাটি। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি বুধবার রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে।
‘মায়ার জঞ্জাল’ অপি করিমের দ্বিতীয় সিনেমা। এর আগে ২০০৫ সালে ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। এরপর দীর্ঘ বিরতির পর ‘মায়ার জঞ্জাল’ দিয়ে চলচ্চিত্রে ফেরেন তিনি।
ইন্দ্রনীল রায়চৌধুরীর সিনেমা
‘মায়ার জঞ্জাল’ পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরী। ‘ফড়িং’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও ‘ভালোবাসার শহর’সহ বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নির্মাতার সঙ্গে কাজের আগ্রহ থেকেই সিনেমাটিতে যুক্ত হয়েছিলেন অপি করিম।
প্রায় দুই দশক পর সিনেমায় ফেরার প্রসঙ্গে অপি করিম জানিয়েছিলেন, লেখাপড়া ও পরবর্তী সময়ে কাজের ব্যস্ততার কারণে নিয়মিত সিনেমায় যুক্ত হতে পারেননি। তবে ইন্দ্রনীল রায়চৌধুরীর আগের কাজ তাঁর ভালো লেগেছিল। বিশেষ করে ‘ভালোবাসার শহর’ সিনেমায় জয়া আহসানের অভিনয় তাঁকে নতুন করে সিনেমায় কাজের আগ্রহী করে তোলে।
সিনেমাটির প্রযোজক বাংলাদেশের জসীম আহমেদ। মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।
সোমা ও চন্দনের গল্প
‘মায়ার জঞ্জাল’-এ অপি করিম অভিনয় করেছেন ‘সোমা’ চরিত্রে। তাঁর স্বামীর চরিত্র ‘চন্দন’-এ দেখা গেছে কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে।
এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢাকার সোহেল মন্ডল এবং কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু ও চান্দ্রেয়ী ঘোষসহ অন্যরা।
সিনেমায় সমান্তরাল দুটি গল্পের মধ্য দিয়ে সমাজের প্রান্তে থাকা সোমা ও চন্দনের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। নগরজীবনের বাস্তবতা, দারিদ্র্য, বেকারত্ব, সম্পর্কের টানাপোড়েন ও নৈতিক সংকটের মধ্যে তাঁদের টিকে থাকার চেষ্টা গল্পের অন্যতম কেন্দ্রবিন্দু।
ঋত্বিক চক্রবর্তী তাঁর চরিত্র চন্দন সম্পর্কে বলেছিলেন, প্রচলিত সিনেমায় এমন চরিত্র খুব বেশি দেখা যায় না। তবে ‘মায়ার জঞ্জাল’-এ চরিত্রটির সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংকটকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে।
সোহেল মন্ডলের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কাজ
সিনেমাটিতে ‘সত্য’ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি ছিল ক্যারিয়ারের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ কাজ। এই সিনেমায় অভিনয়ের জন্য নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও পেয়েছেন তিনি।
চরকিতে সিনেমাটি মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলেও জানিয়েছেন সোহেল মন্ডল। দীর্ঘদিন ধরে যারা ছবিটি দেখার অপেক্ষায় ছিলেন, এবার তাঁদের জন্য অনলাইনে দেখার সুযোগ তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক উৎসবে প্রশংসিত
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাত্রা শুরু করেছিল ‘মায়ার জঞ্জাল’। ২০২০ সালে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয় এবং এশিয়ান নিউ ট্যালেন্ট বিভাগে মনোনয়ন পায়। একই বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয় ছবিটি।
পরে ইতালির ২১তম এশিয়াটিকা চলচ্চিত্র উৎসবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জুরি পুরস্কার এবং কলকাতার আর্টহাউস এশিয়া চলচ্চিত্র উৎসবে সেরা দক্ষিণ এশীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে।
২০২২ সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে অংশ নিয়ে সেরা চিত্রনাট্যের পুরস্কার পায় সিনেমাটি। এরপর ২০২৪ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলায় ছবিটি সাতটি পুরস্কার অর্জন করে।
দুই বাংলার প্রেক্ষাগৃহে ‘মায়ার জঞ্জাল’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি। এবার ওটিটিতে মুক্তির মধ্য দিয়ে নতুন করে দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে অপি করিম অভিনীত সিনেমাটি।





