সালমানকে দেখতে ৩ হাজার টাকার টিকিট কিনেছিলেন চাঁদনী, তারপর যা ঘটেছিল

সালমান খানের বাংলাদেশ সফরের অনুষ্ঠানের জন্য ৩ হাজার টাকার ভিআইপি টিকিট কিনেছিলেন চাঁদনী। অনুষ্ঠান বাতিল হলেও পরে ঢাকার হোটেলে দেখা হয় প্রিয় তারকার সঙ্গে।

বলিউড তারকা সালমান খানের একসময়ের তুমুল ভক্ত ছিলেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় নায়কের সঙ্গে দেখা করার আশায় ১৯৯৭–৯৮ সালের দিকে তাঁর বাংলাদেশ সফরের অনুষ্ঠানের জন্য ৩ হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিটও কিনেছিলেন তিনি। শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বাতিল হলেও পরে ঢাকার একটি হোটেলে সালমানের সঙ্গে দেখা করার সুযোগ পান চাঁদনী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের সঙ্গে নিজের পুরোনো ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার স্মৃতি তুলে ধরলেও অনেকেই তা বিশ্বাস করতেন না। সেই অভিজ্ঞতার প্রমাণ দিতেই ছবিগুলো প্রকাশ করেছেন তিনি।

অনুষ্ঠান বাতিল, তবু থামেনি অপেক্ষা

চাঁদনী জানান, ১৯৯৭–৯৮ সালের দিকে সালমান খান বাংলাদেশে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসার কথা ছিল। অনুষ্ঠানটি ঢাকার গুলিস্তান স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। তবে নিরাপত্তাসহ কয়েকটি কারণে শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।

প্রিয় তারকার আসার খবর শুনে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন চাঁদনী। তিনি বলেন, সালমানের সঙ্গে কথা বলা ও ছবি তোলার প্রবল ইচ্ছা ছিল তাঁর। অনুষ্ঠান বাতিলের খবর শুনে মন খারাপ হলেও কীভাবে প্রিয় নায়কের সঙ্গে দেখা করা যায়, সেই চেষ্টা চালিয়ে যান।

পরে জানতে পারেন, সালমান খান ঢাকায় এসেছেন এবং শেরাটন হোটেলে অবস্থান করছেন। হোটেলে গিয়ে প্রথমে দেখা করার সুযোগ না পেলেও পরে নানা চেষ্টা করে তাঁর কক্ষে যাওয়ার সুযোগ পান।

সালমানের সঙ্গে দেখা, অটোগ্রাফে লেখা ‘চাঁদনী, ফর ইয়োর সালমান’

চাঁদনীর ভাষ্য অনুযায়ী, সেদিন তাঁর সঙ্গে ছিলেন মা, বান্ধবী সাদিয়া ইসলাম ও ফটোগ্রাফার মহসিন। সালমানের কক্ষে গিয়ে দেখেন, তিনি একাই রয়েছেন। অনুমতি নিয়ে তাঁর পাশে দাঁড়িয়ে ছবি তোলেন চাঁদনী।

সেই স্মৃতি মনে করে চাঁদনী বলেন, সালমান তাঁর নাম জানতে চেয়েছিলেন। পরে অটোগ্রাফে লিখেছিলেন, ‘চাঁদনী, ফর ইয়োর সালমান।’ প্রিয় তারকার সেই কথা ও তাকানোর ভঙ্গি এখনো তাঁর মনে গেঁথে আছে বলে জানান তিনি।

সেদিন সালমানের জন্মদিনও জানতে চেয়েছিলেন চাঁদনী। হিন্দিতে প্রশ্ন করলে সালমান জানান, তাঁর জন্মদিন ২৭ ডিসেম্বর। চাঁদনীর কাছে সেই অল্প সময়ের সাক্ষাৎ ছিল জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।

সাত দিন হাত ধোননি চাঁদনী

প্রিয় তারকার প্রতি কিশোর বয়সের উন্মাদনার কথাও জানিয়েছেন চাঁদনী। তাঁর দাবি, সালমানের সঙ্গে দেখা হওয়ার সময় তিনি পুরোটা সময় নায়কের হাত ধরে ছিলেন এবং তাঁর সঙ্গে হ্যান্ডশেকও করেছিলেন। বাড়ি ফিরে টানা সাত দিন সেই হাত ধোননি।

চাঁদনী বলেন, ছোটবেলায় তাঁর ঘরের বিভিন্ন জায়গায় সালমান খানের ছবি টাঙানো থাকত। তাঁর পছন্দের তালিকায় শ্রীদেবী, শাহরুখ খান ও আমির খানের নাম থাকলেও সালমান ছিলেন সবার ওপরে।

জমানো টাকায় কিনেছিলেন ভিআইপি টিকিট

সালমান খানের অনুষ্ঠানের জন্য ৩ হাজার টাকা দিয়ে ভিআইপি টিকিট কেনার কথাও জানিয়েছেন চাঁদনী। তখন তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করতেন এবং বিজ্ঞাপনেও কাজ করতেন। সেসব কাজ করে জমানো টাকা থেকেই টিকিটের মূল্য দিয়েছিলেন বলে জানান তিনি।

চাঁদনীর ভাষ্য অনুযায়ী, ১৯৮৯ সালের সিনেমা ‘ম্যায়নে প্যার কিয়া’ দেখে সালমানের প্রতি তাঁর ভালো লাগা আরও গভীর হয়। এর আগে রেখার দেবরের চরিত্রে সালমানকে একটি সিনেমায় দেখেও তাঁর ভালো লেগেছিল বলে জানান তিনি।

কেন এত দিন পর ছবি প্রকাশ?

সালমানের সঙ্গে দেখা হওয়ার ঘটনা নিয়ে সাক্ষাৎকারে কথা বললেও অনেকে সেটিকে অতিরঞ্জিত গল্প মনে করতেন বলে জানিয়েছেন চাঁদনী। ছবিগুলো এত দিন তাঁর কাছে ছিল না; বান্ধবীর কাছে সংরক্ষিত ছিল। পরে ছবিগুলো হাতে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

ছবির সঙ্গে দেওয়া পোস্টে চাঁদনী লিখেছেন, ‘আমার সাল্লুর সঙ্গে।’ যাঁরা তাঁর সাক্ষাৎকার দেখে কথাগুলোকে ‘চাপা’ বলে মন্তব্য করেছিলেন, তাঁদের উদ্দেশ্যেই ছবিগুলো প্রকাশ করেছেন বলে জানান এই অভিনেত্রী।