রাজশাহীতে জনসভায় এক ক্লিকে ৩৮ হাজার ৯৭০ আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজশাহীতে জনসভায় যোগ দিয়ে এক ক্লিকের মাধ্যমে প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভার মঞ্চে ল্যাপটপের বাটন চেপে তিনি এ কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনের পরপরই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তা পেয়ে অর্থ জমার বিষয়টি জানতে পারেন উপকারভোগীরা।
১৫ চিনিকল এলাকার আখচাষিরা পাচ্ছেন প্রণোদনা
প্রণোদনা বিতরণ কার্যক্রমের প্রথম পর্বে প্রধানমন্ত্রী জানান, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে মোট ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। এ সময় দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেন তিনি।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠান শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজশাহী সফরে গেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পৌঁছানোর কারণে সফরসূচিতে পরিবর্তন আনা হয়। বিমানবন্দর থেকে সরাসরি মাদরাসা মাঠের জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছান।
সময়সূচির পরিবর্তনে নগরের গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাদ পড়ে।
জনসভা ঘিরে নগরজুড়ে প্রস্তুতি
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। তাঁর যাতায়াতের পথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রঙের কাজ করা হয়েছে। দেয়ালে আঁকা হয়েছে চিত্র, মেরামত করা হয়েছে ড্রেন এবং ফুটপাত থেকে হকারদের সরিয়ে চলাচলের পথ পরিচ্ছন্ন করা হয়েছে।
জনসভার জন্য ঐতিহাসিক মাদরাসা মাঠে নির্মাণ করা হয় বড় মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও করা হয়। বিএনপির নেতাকর্মীরা কয়েক দিন ধরে মাঠে উপস্থিত থেকে প্রস্তুতির কাজ তদারক করেন।
জনসভা বিকেলে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তাঁরা জনসভাস্থলে আসেন। দুপুর আড়াইটার মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠ পূর্ণ হয়ে যায়। দুপুর থেকেই মঞ্চে বিএনপির জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সড়কের দুই পাশে মানুষের ভিড়
প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায় সকাল থেকেই রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন স্থানে পতাকা হাতে অপেক্ষা করতে দেখা যায় তাঁদের। দলীয় নেতাকর্মীদের স্বাগত জানানো এবং সাধারণ মানুষের উপস্থিতিতে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
রাজশাহী সফর শেষে সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার সকালে তিনি রংপুরে রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।





