রাষ্ট্রপতির সিলেট সফর সামনে রেখে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সৌন্দর্যবর্ধনের কাজ।
গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় চলছে রং, মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ
রাষ্ট্রপতির সিলেট সফরকে সামনে রেখে বদলে যাচ্ছে নগরের চিত্র। গুরুত্বপূর্ণ সড়ক, ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউস ও মাজার এলাকাসহ বিভিন্ন স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং করা ও সৌন্দর্যবর্ধনের কাজ। সফর নির্বিঘ্ন করতে সিলেট সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এখন ব্যস্ত সময় পার করছে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেটে এটি প্রথম সফর। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে তাঁর সিলেটে আসার কথা রয়েছে। সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে প্রস্তুতিমূলক কাজ জোরদার করা হয়েছে। কোথাও ডিভাইডারে নতুন রং করা হচ্ছে, কোথাও রাস্তা ও আশপাশের এলাকা ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। ক্বীন ব্রিজ, সার্কিট হাউস ও মাজার এলাকাতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।
অতিথি এলেই পরিচ্ছন্নতা, প্রশ্ন নগরবাসীর
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের উদ্যোগকে স্বাগত জানালেও এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী। তাদের মতে, গুরুত্বপূর্ণ ব্যক্তির আগমন উপলক্ষে যদি দ্রুত নগর পরিষ্কার ও সুন্দর করা সম্ভব হয়, তাহলে সারা বছর নিয়মিতভাবে এ কাজ করা হয় না কেন?
জিন্দাবাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতি আসছেন, তাই নগর পরিষ্কার হচ্ছে ও রাস্তাঘাট সুন্দর করা হচ্ছে—এটি অবশ্যই ভালো উদ্যোগ। কিন্তু সাধারণ সময়ে নগরের পরিচ্ছন্নতার দিকে একই গুরুত্ব দেওয়া হয় না। সিলেটকে শুধু অতিথি আসার সময় নয়, প্রতিদিনই সুন্দর ও পরিচ্ছন্ন দেখতে চান তারা।
আম্বরখানা এলাকার বাসিন্দা সালমা আক্তার বলেন, নগরের অনেক জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা পড়ে থাকে। রাস্তার পাশেও নোংরা পরিবেশ দেখা যায়। বড় কোনো ব্যক্তি আসার খবর পেলেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়। নগরবাসীর জন্য নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখা প্রয়োজন।
নগরবাসীর ভাষ্য, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পর্যটনসমৃদ্ধ নগর। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসেন। প্রবাসীদের সঙ্গেও এ নগরের রয়েছে গভীর সম্পর্ক। তাই বিশেষ অতিথির সফরকে কেন্দ্র করে নয়, নিয়মিতভাবেই নগরের পরিবেশ ও সৌন্দর্য বজায় রাখা দরকার।
নিরাপত্তায় মাঠে বিভিন্ন সংস্থা
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। তাঁর সম্ভাব্য যাতায়াতের পথ, কর্মসূচির স্থান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা।
স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে প্রস্তুতি নিচ্ছেন। সফরকালে নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোও নজরদারির আওতায় আনা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাঁকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেন, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে।





